কয়েকদিন আগেই করোনার বিরুদ্ধে লড়াই করে জয়ী হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার ব্যক্তিগত জীবনে পেলেন সুখবর। বুধবার মা হলেন বরিস পত্নী ক্যারি সাইমন্ডস। জন্ম দিলেন এক ফুটফুটে পুত্র সন্তানের। প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, লন্ডনের একটি হাসপাতালে শিশুপুত্রের জন্ম দিয়েছেন বরিসের স্ত্রী। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে।
করোনার দাপটে বিপর্যস্ত ব্রিটেন। হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রধানমন্ত্রী নিজেও আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি এখন সুস্থ হয়ে কাজে ফিরেছেন। সেই সময়ই জানা যায় সন্তানসম্ভবা বাগদত্তা ক্যারি। কিন্তু অনেকেই মনে করেছিলেন ক্যারি ও তাঁর সন্তানের করোনা হবে না তো? তবে সেই আশঙ্কাকে দূরে সরিয়ে সুস্থ রয়েছেন মা ও সন্তান দুজনেই।
উল্লেখ্য, গত মাস অর্থাৎ মার্চ মাসের ২৫ তারিখ বরিস জনসনের দেহে সামান্য উপসর্গ ধরা পড়ে। তারপর তিনি ব্রিটেনের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর সঙ্গে পরামর্শ করেন এবং পরীক্ষা করেন। ১০ ডাউনিং স্ট্রিটেই তার নমুনা পরীক্ষা করার পর জানা যায় যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। সে সময় তিনি সুস্থ থাকায় দেশের কাজ চালিয়ে যাবার কথা ভেবেছিলেন। কিন্তু বাস্তবে তা আর করা হয়নি। হোম কোয়ারান্টিনে থাকার পরেও বরিস জনসনের স্বাস্থ্যের উন্নতির লক্ষণ দেখা যায়নি। বাধ্য হয়ে বরিস জনসনকে এপ্রিলের প্রথম সপ্তাহে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা করার পরে জানানো হয় তাঁর শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। তারপর বরিসকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় মেডিকেল টিমের পরামর্শে। তবে এখন তিনি সুস্থ আছেন, শারীরিক অবস্থা অনেকটাই উন্নত।

Post a Comment