করোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন । এই অবস্থায় অ্যাম্বুলেন্সের অভাবে নিজের তিন বছরের অসুস্থ সন্তানকে ঠিক সময় হাসপাতালে নিয়ে যেতে পারেননি বিহারের জেহানাবাদের এক গৃহবধূ । আবার হাসপাতাল থেকে মৃত সন্তানকে ঘরে ফিরিয়ে আনার সময়ও পেলেন না কোনও গাড়ি । বাধ্য হয়ে মৃত সন্তানকে কোলে নিয়েই হাঁটতে শুরু করলেন মা ।



 জানা যায়, কয়েকদিন আগেই প্রবল জ্বর, সর্দি ও কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়ে জেহানাবাদ জেলার সেহাপুরের গিরেজ কুমারের তিন বছরের সন্তান । গ্রামের ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি । ছেলেকে যে জেহানাবাদ জেলা হাসপাতালে নিয়ে আসবেন তার জন্যও কোনো গাড়ি ছিল না । বাধ্য হয়ে একটি টেম্পু ভাড়া করেন তিনি । তারপর ছেলেকে জেহানাবাদ জেলা হাসপাতালে নিয়ে আসা হয় । অবস্থা খারাপ থাকায় শিশুটিকে পটনা মেডিক্যালে পাঠানো হয়। কিন্তু জেলা হাসপাতাল থেকে কোনও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, ফলে সেখানেই শিশুটির মৃত্যু হয় ।



 গিরেজের দাবি লকডাউনের জন্য কোনও গাড়ি পাওয়া যায়নি । এমনকি মৃতদেহ নিয়ে যে বাড়ি ফিরবেন সেই সময়ও কোনো গাড়ি ছিল না । ফলে মৃত ছেলেকে কোলে নিয়ে হেঁটেই রওনা হলেন ওই গৃহবধূ ।



 এই ঘটনার রেশ ছড়ায় গোটা জেলায়। হাসপাতালের কয়েকজন চিকিৎসককে শো-কজ এর নোটিশ পাঠায় জেলা প্রশাসন। হাসপাতালের ম্যানেজারকে বরখাস্ত করা হয়। জেলাশাসক নবীন কুমার বলেন, "কিভাবে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ওই রোগীর অ্যাম্বুলেন্স এর সুবিধা পাওয়া উচিত ছিল।"

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর