ত্রিপুরায় ফের করোনা আক্রান্তের হদিশ। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ত্রিপুরাকে 'করোনামুক্ত' রাজ্য হিসেবে ঘোষণা করেছিলেন। তবে পরিস্থিতি যে মোটেও সহজ নয় তা এই ঘটনার জেরে আবার প্রমাণ পাওয়া গেল।
ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এক সংবাদ মাধ্যমে জানান, তামিলনাড়ু থেকে আসা এক অ্যাম্বুল্যান্স চালকের শরীরে মেলে করোনা সংক্রমণ। সেই গাড়িতে আরও ৫ জন ছিলেন। প্রশাসন সূত্রে খবর, অ্যাম্বুল্যান্সে আসা প্রত্যেক যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁদের সংস্পর্শে আর কারা কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই খবর আসতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে যায়।
উল্লেখ্য, মণিপুর এবং গোয়া করোনার কবলে পড়েও সুস্থ হয়ে উঠায় সেখানকার মুখ্যমন্ত্রীরা নিজেদের রাজ্যকে 'করোনা মুক্ত রাজ্য' হিসেবে ঘোষণা করেছিলেন। এরপর ত্রিপুরাতে ২ জন করোনা রুগী সুস্থ হয়ে উঠায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ত্রিপুরাকেও 'করোনা মুক্ত রাজ্য' হিসেবে ঘোষণা করেছিলেন।
গত ৬ এপ্রিল প্রথম ত্রিপুরার গোমতি জেলার উদয়পুরের গুয়াহাটি ফেরত এক মহিলার শরীরে করোনা আক্রান্তের হদিশ মেলে। ১৬ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। ওইদিনই দামচেরায় ত্রিপুরা স্টেট রাইফেলসের এক জওয়ানের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। তবে তিনি এখন সুস্থ।

Post a Comment