নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: করোনা আতঙ্কে জবুথবু গোটা দেশ তথা রাজ্য। গত ৪ মাস যাবৎ এই মারণ ভাইরাসের বিরুদ্ধে অস্তিত্বের লড়াই লড়ে যাচ্ছে মানব সমাজ। জারি হয়েছে লকডাউন। বন্ধ পরিবহন থেকে কলকারখানা। । কাজ না থাকায় দুঃস্থ পরিবার গুলিতে দেখা দিয়েছে খাদ্যসংকট। তাঁদের সাহায্যার্থে এই লকডাউনের দুঃসময়ে এগিয়ে এসেছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বহু মানবিক ব্যক্তিবর্গ। এবার দুঃস্থ পরিবারগুলির দিকে সাহায্যের হাত বাড়ালেন জলপাইগুড়ি জেলার অন্তর্গত ময়নাগুড়ি ব্লকের এক চিকিৎসক।
তিনি ময়নাগুড়ি রুরাল হাসপাতালের চিকিৎসক রাজীব বিশাল। স্ত্রী সঙ্গীতা প্রসাদ বিশাল। আজ তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী। তবে ঝাঁ-চকচকে পার্টি বা বিরাট অনুষ্ঠান নয়, তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী পালিত হল একটু অন্যভাবে! দেশের এই বিপদের দিনে প্রায় ১০০ দুঃস্থ পরিবারের হাতে চাল, ডাল, দুধ, সাবান, তেল, সয়াবিন, আলু প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন তারা।
সরকারী নির্দেশ মেনে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে, সামাজিক দূরত্ব মেনে এই দান সামগ্রী দুঃস্থদের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিপদের এই সময়ে রাজীব বাবুর এই মানবিক দান পেয়ে খুশির হাসি দুঃস্থ পরিবার গুলির মুখে।

Post a Comment