ছবি সৌজন্যে : বিধাননগর পুলিশ
দেশে লকডাউন চলছে। পরিস্থিতির নজরদারি করতে পুলিশকে দিনের বেশিভাগ সময়টাই কাটাতে হচ্ছে রাস্তায়। একই কাজ করছিল বিধাননগরের অন্তর্গত এয়ারপোর্ট থানার পুলিশ। কাজ চলছিল রোজকার রুটিন মেনেই! হঠাৎ এক বৃদ্ধ জানলা দিয়ে হাত বাড়িয়ে ডাকলেন তাঁদের! কর্তব্যরত পুলিশকর্মীরা ভেবেছিলেন বৃদ্ধের সাহায্য প্রয়োজন। কিন্তু কাছে গিয়ে বৃদ্ধের কথা শুনে হতবাক সকলে!
না! তার সাহায্য চাই না! দেশের এই বিপদে দেশের জন্য কিভাবে কিছু করা যায় তাই জানতে চাইলেন তিনি। সব শুনে সময় নষ্ট না করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করার জন্য একটি ১০ হাজার টাকার চেক লিখে তুলে দিলেন পুলিশকর্মীদের হাতে।
তিনি সুভাষ চন্দ্র ব্যানার্জী। বয়স ৮২ বছর, কলেজে শিক্ষকতা করতেন। দমদম এয়ারপোর্টের ঠিক পেছনে একচিলতে ছোট্ট ফ্ল্যাটে একা থাকেন। পেনশনের সামান্য কিছু টাকার ওপর নির্ভর করে বেঁচে থাকা।
কিন্তু মনে যে শিক্ষকতার আদর্শ! দেশের বিপদে তাই হয়তো চুপটি করে বসে থাকতে পারলেন না সুভাষ বাবু। সমাজকে দিলেন আরও এক শিক্ষা - 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনেরই জন্য!'

Post a Comment