করোনা ভাইরাসের বিরুদ্ধে যেসব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী লড়াই করছেন ,দূর্ভাগ্যবশত কোনও স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাসে মৃত্যু হলে, তাঁকে ‘শহিদের’ মর্যাদা দেওয়া হবে । শুধু তাই নয়, তাঁর পরিবার কে ১ কোটি টাকা ক্ষতিপূরণও দেবে সরকার । ঘোষণা করলেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ।



 বুধবার সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল বলেন , " করোনার বিরুদ্ধে একজন সৈনিকের মতোই লড়াই করে চলেছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে দেশবাসীকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন তাঁরা।" মুখ্যমন্ত্রী জানান, একজন সৈনিক দেশের হয়ে লড়াই করতে গিয়ে শহিদ হলে দিল্লি সরকার তাঁর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়। ঠিক একইভাবে কোনও স্বাস্থ্যকর্মী করোনা মোকাবিলায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলে তাঁদেরও দেওয়া হবে শহিদের মর্যাদা। তাঁদের পরিবারের হাতে ১ কোটি টাকার ক্ষতিপূরণ তুলে দেবে আম আদমি পার্টি সরকার ।



 তবে শুধু সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাই নয়, বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে ভারত সরকার করোনাভাইরাস মোকাবিলায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবন বিমা ঘোষণা করেছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর