দেশে করোনা পরিস্থিতির বিরুদ্ধে লড়তে সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই। খেলার জগৎ থেকে সিনেমা জগৎ - সাহায্য এসেছে সব ক্ষেত্র থেকেই। এবার করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়ালেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা। দুঃস্থ পরিবারগুলির মুখে খাবার তুলে দিতে ১.২৫ কোটি টাকার ফান্ড সংগ্রহ করেছেন তিনি।
মহামারী আটকাতে দেশে জারি ২১ দিনের লকডাউন। গৃহবন্দী দেশবাসী। দিন আনি দিন খাই এর পরিবারে খাবার একটা বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাঁদের সাহায্য করতেই সানিয়া মির্জার এই ফান্ড গঠন হয়েছে।
একটি টুইট করে তিনি লেখেন, "আমরা দুঃস্থ পরিবার গুলির কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে মোট ১.২৫ কোটি টাকার ফান্ড গঠন করেছি। এই অর্থ দ্বারা লাভবান হবেন দেশের ১ লক্ষ দরিদ্র পরিবার।"
এরই পাশাপাশি করোনা সম্পর্কে সাধারণকে সচেতনও করছে তার দল। দেশের এই কঠিন পরিস্থিতিতে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

Post a Comment