নব-দিগন্ত নিউজ ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র স্পষ্টভাবে শুক্রবার জানিয়ে দিলেন, সামনের বছরের মধ্য সময়ের আগে করোনার টিকা জনসাধারণের সামনে নিয়ে আসা সম্ভব নয় কোনওভাবেই। কারণ করোনার টিকা তৈরি করার শেষের দিকে ওই টিকার যথেষ্ট পরিমাণ পরীক্ষা এবং নিরাপত্তার দিকে নজর রাখা দরকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র জানিয়েছেন যে, এখনো পর্যন্ত কোনও টিকা পরিষ্কারভাবে তার ফলাফল দেখায়নি। কিছু কিছু টিকা 50% সাফল্য পেয়েছে। রাশিয়া মাত্র দু মাসের মধ্যে করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে ফেললেও সেই টিকার নিরাপত্তা সম্পর্কে বিশ্বের শক্তিশালী দেশ গুলি প্রশ্ন তুলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস এই বিষয়ে জানিয়েছেন যে, আমার মতে আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে কোনওভাবেই এই টিকা জনসাধারণের কাছে পৌঁছানো সম্ভব নয়, তার কারণ হিসেবে বলা যায় তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনেকটা সময় নেবে টিকা। অনেকগুলি বিষয় খতিয়ে দেখে প্রচুর সংখ্যক মানুষের উপর টিকা পরীক্ষা করতে হবে।
পৃথিবীজুড়ে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের ক্ষেত্রে যে কাজ হচ্ছে, তার ফলাফল সম্পর্কে জানতে সমস্ত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার বিষয়ে মার্গারেট হ্যারিস জোর দিয়েছেন। এক্ষেত্রে তিনি বলেছেন, আমরা এখনো অনেক ক্ষেত্রে জানিনা যে এই টিকা ঠিক কত জনের উপর পরীক্ষা করা হয়েছে এবং সেই পরীক্ষার প্রাথমিক ফল কি? বিভিন্ন সংস্থা গুলি তাদের পরীক্ষার ফলাফল আমাদের সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়া উচিত।
ইতিমধ্যে ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন এর ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সুযোগ সুবিধার জন্য আমেরিকায় নির্বাচন শুরু হওয়ার আগেই ভ্যাকসিন বাজারে আনতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আবার রাশিয়াও ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে, তাদের করোনা টিকা 'স্পুটনিক ভি' মানুষের শরীরের পক্ষে খুবই কার্যকর। কিন্তু সেই ভ্যাকসিন সম্পর্কে নানা নেতিবাচক প্রশ্ন ওঠায় রাশিয়া বিশ্বজুড়ে এর স্বীকৃতি পায়নি।

Post a Comment