নব-দিগন্ত নিউজ ডেস্ক: প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান শ্রী প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। এদিন সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মাথায় রক্ত জমাট বাঁধায় বেশকিছুদিন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আক্রান্ত ছিলেন করোনাতেও।


আজ প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখার্জী এই দুঃসংবাদ দেন। তার টুইটের পরেই শোকবিহ্বল গোটা দেশ। রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্রপতন ঘটল।


করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। গত ৯ আগস্ট তিনি নিজের বাড়িতে পড়ে যান। মাথায় আঘাত লাগে, অবশ হতে থাকে বাঁ হাতও। পরের দিনই তাই দিল্লির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, দ্রুতই অস্ত্রোপচার দরকার।


অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করতে গিয়ে বোঝা যায়, প্রণব মুখোপাধ্যায়ের শরীরে বাসা বেঁধেছে করোনা ভাইরাস (Coronavirus)। সেই খবর তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন। ৮৪ বছর বয়সে এই জীবাণুর থাবা থেকে নিরাপদে অস্ত্রোপচার করে সুস্থ করে তোলাটা চিকিৎসকদের কাছে চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।


তারপরই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। গত দুদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ফুসফুসে সংক্রমণের জেরে বাড়ে জটিলতা। আর এদিন দীর্ঘ লড়াইয়ে হার মানলেন তিনি। তাঁর প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর