নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের জেরে প্রথম পর্যায়ের লকডাউন থেকেই দেশের সব সিনেমাহল প্রায় ৫ মাস ধরে বন্ধ। যার জেরে থমকে আছে নতুন ছবি রিলিজও। তবে অনলাইনে সিনেমা রিলিজ হলেও তা সংখ্যায় খুব কম। এই পরিস্থিতিতে প্রশ্ন হল, আনলক তৃতীয় পর্বে কী খুলবে সিনেমা হল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে একটি প্রস্তাব দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ 



সেই প্রস্তাবে আগস্ট মাসে সিনেমা হল খোলার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে প্রস্তাবটি গৃহীত হলে অগাস্টেই সব সিনেমা হল খুলে যাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারে শুক্রবার CII মিডিয়া কমিটির সঙ্গে একটি বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি ওই বৈঠকে জানান, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা। 



তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারে জানান, অগাস্টের শুরুতে নয়তো অগাস্টের শেষের দিকে দেশজুড়ে সিনেমাহল খোলার সম্ভাবনা রয়েছে। তবে সংক্রমণ রুখতে কিছু নিয়মাবলী থাকবে। সেই নিয়ম অনুযায়ী, যে রো তে দর্শক বসবেন ঠিক তার পরের রো খালি থাকবে। তারপর আবার পরের রো তে বসতে পারবেন। তবে দর্শকদের মধ্যে বসার দূরত্ব থাকবে ২ মিটার।   

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর