সামনের বছর অর্থাৎ ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হবে T20 বিশ্বকাপ। তার দুই বছর পর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ। আর এখনই পাকিস্তান ক্রিকেট বোর্ড নিরাপত্তা নিয়ে দাবি শুরু করে দিলো। মূলত বিসিসিআইয়ের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বুধবার পাক বোর্ড আইসিসির কাছে দাবি জানালো যে, বিসিসিআই যেন পাক বোর্ডকে পাকিস্তান টিমের নিরাপত্তা নিয়ে লিখিত আশ্বাস দেয়। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি সিইও ওয়াসিম খান জানালেন, ভারতে ২০২১ এবং ২০২৩ দুটি বিশ্বকাপ হওয়ার কথা। তাই আমরা লিখিত আশ্বাস চাই যেন ভারতে গিয়ে ভিসা-ক্লিয়ারেন্স সংক্রান্ত কোনও সমস্যায় না পড়তে হয়।
ওয়াসিম খানের কথায় পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে, ভারতের তরফ থেকে নিরাপত্তার সম্পূর্ণ আশ্বাস পেলেই পাক টিম ভারতে পারি দেবে। এতো আগে থেকেই এমন দাবি জানানোর কারণ হলো, ইদানিং পাকিস্তানের অনেক স্পোর্টস টিম ভারতের বিমানে ওঠার ক্লিয়ারেন্স পায়নি। তাই বিসিসিআইয়ের থেকে আগে থেকেই ক্লিয়ারেন্স চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করোনা ভাইরাসের কারণে এই বছর অস্ট্রেলিয়ায় টি টুয়েন্টি বিশ্বকাপ প্রায় অনিশ্চিত। তাহলে সেই বিশ্বকাপ কি ২০২১ এ হবে। তাহলে সেই ক্ষেত্রে ২০২১ এর বিশ্বকাপ কি ২০২২ এ হবে। এরকম বিভিন্ন রকমের প্রশ্নের জন্যই পাকিস্তান বোর্ড আগে থেকেই লিখিত আশ্বাসের দাবি চাইছে বিসিসিআইয়ের কাছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এটাও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এ বার এশিয়া কাপ কোনওভাবেই বাতিল হচ্ছে না। হয়তো শ্রীলঙ্কা নয়তো আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

Post a Comment