হু হু করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে জারি হয়েছিল লকডাউন। ফলে স্থগিত হয়ে গিয়েছিল উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা। রাজ্য সরকার সেই পরীক্ষাগুলি জুলাই মাসে নেওয়ার কথা ভেবেছিল। কিন্তু শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, বাতিল করা হল উচ্চমাধ্যমিকের স্থগিত হয়ে যাওয়া তিনটি পরীক্ষা। বাতিল হওয়া পরীক্ষার নম্বর বিধি কী হবে তা নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আলোচনা করেছে। শুক্রবার রাতে সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


কীভাবে হবে মূল্যায়ন?

পরীক্ষার্থীরা যে লিখিত পরীক্ষাগুলি দিয়েছে তার মধ্যে সর্বোচ্চ নম্বরকেই বাতিল পরীক্ষার নম্বর হিসাবে ধরা হবে। যদি কোনও পরীক্ষার্থী তার দেওয়া লিখিত পরীক্ষাগুলির মধ্যে সর্বোচ্চ ৮০ পেয়ে থাকে, তাহলে বাতিল হওয়া বিষয়ের পরীক্ষাগুলিতেও তাকে ৮০ই দেওয়া হবে।

সেক্ষেত্রে কোনও পরীক্ষার্থী আবার মনে করতেই পারে যে তার প্রস্তুতি অনুযায়ী বাতিল হওয়া তিনটি পরীক্ষায় হয়তো আরও বেশি নম্বর পেতে পারত। তবে সেই বিষয়ে পর্ষদ বিকল্প পদ্ধতি ভেবে রেখেছে। সেক্ষেত্রে সেই পরীক্ষার্থীকে তার স্কুলের কাছে আবেদন জানাতে হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই আবেদনকারীর আবারও পরীক্ষা নেওয়া হবে। তবে এই পদ্ধতিতে একদল অভিভাবকের সামান্য আপত্তি রয়েছে। তাঁদের মতে, পরীক্ষার ফলাফল বেরনোর পরই হয়তো অনলাইনে ভরতি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে প্রত্যেক ছাত্রছাত্রীকে এখন বাতিল পরীক্ষা মূল্যায়নের ভিত্তিতে কলেজে ভরতি হতে হবে। তাই পরে লিখিত পরীক্ষা দিয়ে ভাল নম্বর পেলেও ভাল কলেজে ভরতির সুযোগ মিলবে না।

তবে আগামী জুলাই মাসেই হতে পারে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর