প্রবল শক্তি নিয়ে বুধবার দুপুরেই ঘূর্ণিঝড় নিসর্গ মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়বে। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত মহারাষ্ট্র এবং গুজরাত। নেমেছে এনডিআরএফ। তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে উপকূলরক্ষা বাহিনী ও নৌ-সেনাকেও।
এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রেখেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। জানা যায়, ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত সুরক্ষাবিধি মেনে বুধবার মাত্র ১৯টি বিমান ওঠা-নামা করবে। তারমধ্যে অবতরণ করবে ৮টি বিমান এবং বাকি ১১টি উড়ে যাবে । বাকি সমস্ত বিমান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাগুলি। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে জানিয়েছেন, ইতিমধ্যেই বহু বিমান বাতিল করা হয়েছে, তাঁরা যেন বাড়ি থেকে বেরোনোর আগে সংশ্লিষ্ট বিমানের 'স্ট্যাটাস' জেনে নেন।
এদিকে, বিমানবন্দরে থাকা ছোট বা হালকা বিমানগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কারণ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি। এর আগে আমফানে কলকাতা বিমানবন্দরে বিমান রাখার হ্যাঙার ভেঙে পড়েছিল। তাই নিসর্গ নিয়ে আগে থেকেই সতর্ক হচ্ছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর।

Post a Comment