প্রথম ও দ্বিতীয় ধাপে ইতিবাচক ফল মেলায় আগামী জুলাই মাসে করোনা প্রতিষেধকের চূড়ান্ত পরীক্ষা করার কথা ঘোষণা করল আমেরিকার নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্না। জুলাই মাসে ধাপে ধাপে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে ভ্যাকসিনটি।
সংস্থার তরফে জানানো হয়, চূড়ান্ত পরীক্ষায় প্রত্যেক ডোজ হবে ১০০ মাইক্রোগ্রাম। পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি যথাসম্ভব কম করতেই এই মাত্রা নির্ধারিত হয়েছে। বছরে ৫০ কোটি ডোজ সরবরাহের ক্ষমতা রয়েছে সংস্থাটির।
তৃতীয় ধাপের পরীক্ষার জন্য পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন উৎপাদন করা হয়েছে বলে জানানো হয় কোম্পানির তরফ থেকে। সংস্থা জানায়, করোনা জীবাণুকে প্রতিরোধ করা এবং গুরুতর রোগ প্রতিরোধ করাই হলো গবেষণার মূল লক্ষ্য। যাতে মানুষকে হাসপাতাল থেকে দূরে রাখা যায়। ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের পরবর্তী এক বছরের জন্য পর্যবেক্ষণে রাখা হবে।

Post a Comment