দেশে দ্রুতহারে বেড়ে চলেছে করোনা আক্রান্ত। নিরলস পরিশ্রম করে চলেছেন ডাক্তাররা। এরই মধ্যে এক করোনা আক্রান্তের মৃত্যু ঘিরে চরমে চাঞ্চল্য। ঘটনা হায়দ্রাবাদের একটি হাপাতালের। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বছর চৌত্রিশ এর রবি কুমার।


শুক্রবার ওই ব্যক্তির মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে বাড়িতে করা একটি ভিডিও কল হাসপাতালের বিরুদ্ধে প্রশ্ন তুলছে। ভিডিও কলটিতে ওই ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘ড্যাডি, আমি নিঃশ্বাস নিতে পারছি না ৷ বারবার বলা সত্ত্বেও ওরা আমার ভেন্টিলেটার খুলে দিয়েছে ৷ তিন ঘণ্টা ধরে আমি অক্সিজেন পাচ্ছি না ৷ আমি আর নিঃশ্বাস নিতে পারছি না বাবা ৷ মনে হচ্ছে এবার আমি আর বাঁচব না ৷ বাই পাপা বাই....’


মৃতের পরিবার ছেলের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছে৷ হাসপাতালের কর্মীরা ভেন্টিলেটর সরিয়ে দেওয়ার কারণে রবির মৃত্যু হয়েছে বলে তাদের দাবি৷ তাদের অভিযোগ, হাসপাতালের গাফিলতির জন্য ৩ ঘণ্টা তাদের ছেলেকে কষ্টে কাতরাতে হয় এবং অবশেষে তাঁকে মৃত্যুর কাছে হার মানতে হয়৷


হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অবশ্য জানানো হয়েছে, রবি কুমারকে ২৪ তারিখে ভর্তি করা হয় এবং তার মৃত্যু হয় ২৬ তারিখে৷ রবিকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন থেকেই তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল৷ সমস্তরকমে পরীক্ষা করা হয় এবং অক্সিজেন বা ভেন্টিলেটার খুলে নেওয়া হয়নি  বলে দাবি হাসপাতাল কতৃপক্ষের।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর