বদলানো হোক দেশের নাম! 'ইন্ডিয়া' শব্দ সরিয়ে দিয়ে দেশের নাম হোক 'ভারত'। সুপ্রিমকোর্টে এই মর্মে পিটিশন জমা হয় শুক্রবার। কিন্তু, দেশের নাম বদলানোর ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না সুপ্রিমকোর্ট, সাফ জানাল শীর্ষ আদালত। পরিবর্তে, পিটিশনটি কেন্দ্রের কাছে পেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, 'সংবিধানে দেশের নাম ভারত হিসাবেই উল্লেখ আছে, তাই আমরা এই বিষয়ে কিছু করতে পারবো না।'
পিটিশনে বলা হয়েছিল, সংবিধানের অনুচ্ছেদঃ ১ এ সংশোধনের মাধ্যমে দেশের নাম হিসাবে 'ইন্ডিয়া' শব্দটি বাদ দেওয়া হোক। ইংরেজি নাম বাদ দেওয়াটা প্রতীকাত্মক হলেও, এটা দেশের স্বতন্ত্রতা তুলে ধরবে বলে উল্লেখ করা হয় ওই পিটিশনে। সেই পিটিশনের শুনানিতেই এই বক্তব্য জানাল সুপ্রিমকোর্ট।
দেশের নাম ভারত থেকে 'ইন্ডিয়া' কিভাবে হল?
মহারাজ ভরত এর নাম অনুসারেই দেশের নাম হয় ভারত। মধ্যযুগে তুর্কি ও ইরানিরা সিন্ধু প্রদেশ দিয়ে ভারতে প্রবেশ করে। তারা 'স' এর উচ্চারণ করত 'হ' এর মতো। তাতেই 'সিন্ধু' শব্দ পাল্টে হয়ে যায় 'হিন্দু'। এইভাবেই হিন্দুদের দেশ হিসাবে দেশের নাম হয় 'হিন্দুস্তান'।
এরপর ইংরেজরা এখানে এসে দেশের নাম দেয় 'ইন্ডিয়া', কারণ 'ভারত' অথবা 'হিন্দুস্তান' উচ্চারণ করা ইংরেজদের পক্ষে অত্যন্ত অসুবিধাজনক ছিল। ভারতীয় সংবিধানের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে, 'ভারত' ও 'ইন্ডিয়া' এক ও অভিন্ন দেশ।

Post a Comment