জগন্নাথদেবের রথযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত হলো। ২৩ জুন জগন্নাথের রথযাত্রায় থাকবেন মোট ৫ হাজার সেবায়েত। পুরীর মন্দির জুড়ে জারি থাকবে ১৪৪ ধারা। তিনটি বড়ো হাতি রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। যদি তিনটি হাতি রথযাত্রার দিন রাখা হয় তবে চমকপ্রদ নতুনত্ব হবে দর্শনার্থীদের কাছে।
মন্দির চত্বরে থাকবে পুলিশ। তবে রথের রশি টানবেন সেবায়েতরাই। উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরে বর্তমানে সেবায়েতের সংখ্যা ১০ হাজার। করোনা আবহে কিভাবে রথযাত্রা পালিত হবে সে বিষয়ে ধন্দে ছিল উড়িষ্যা প্রশাসন। কয়েক দফা মিটিংয়ের পর ঠিক করা হয়, সেবায়েতের মাধ্যমে ২৩ জুন জগন্নাথ দেবের রথ টানা হবে। সকাল ১১ টা থেকে দুপুর ১২ টার মধ্যে প্রভু জগন্নাথ মাসীর বাড়ির উদ্যেশ্যে রওনা দেবেন।
১৪৪ ধারা জারি থাকবে প্রভু জগন্নাথ দেবের মন্দির থেকে তার মাসীর বাড়ি পর্যন্ত। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে। রাজেশ দ্বৈতাপতি (মন্দিরের মুখ্য দ্বৈতাপতি) বলেন প্রত্যেকবার লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয় এই রথযাত্রায়। কিন্তু পরিস্থিতি এবার সম্পূর্ণ আলাদা। তাই এবছর রথযাত্রায় শুধুমাত্র সেবায়েতরাই অংশগ্রহণ করবেন। ১৬ জুন মন্দির কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সাথে বৈঠকে বসবেন।
ইতিমধ্যে পুরীর সমুদ্র সৈকতে হোটেল চালু করার ব্যাবস্থা করা হয়েছে পর্যটকদের জন্য। তবে তিন দিনের বেশি থাকতে পারবেননা পর্যটকরা। এবং রথ যাত্রার দিন মন্দির চত্বরেও আসতে পারবেননা পর্যটকরা।

Post a Comment