শুভেন্দু লায়েক, বাঁকুড়া: কখনো গাছের ডালে আবার কখনো টিনের ঢালু ছাদে দাঁড়িয়ে সচ্ছন্দে ব্যায়াম চর্চা করছে। লক ডাউনের বাজারে পাগলের এমন কান্ড কারখানা দেখে হতবাক এলাকার মানুষ। রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের বিক্রমপুর এলাকায়। রবিবার সকাল থেকে এক ব্যাক্তি খালি গায়ে গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করছিল। বিষয়টি নজর এড়ায়নি স্থানীয়দের। কিন্তু নবাগতকে দেখে এলাকার কেউই ঠাহর করতে পারেননি এমন দুর্বুদ্ধি রয়েছে তার মনে!
দুপুর দুটো বাজতেই শুরু হয় ওই ব্যক্তির আজব কীর্তি-কলাপ । কখনো গাছের মগডালে উঠে পড়ছে সে, কখনো গাছের সরু ডাল ধরে ঝুলে থাকছে দীর্ঘক্ষণ! গাছের ডালে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। মাঝে মধ্যে লাফিয়ে গ্রামের বাড়ির এ ছাদ সে ছাদে করে বেড়াচ্ছে। কখনো আবার ঢালু টিনের ছাদে চড়ে করছে ব্যায়াম চর্চা। ব্যাক্তির এই কান্ড কারখানায় লক ডাউনের বাজারেও দিব্যি ভিড় জমে যায় এলাকায়। ব্যাক্তিটিকে খাবারের লোভ দেখিয়ে নামিয়ে আনার চেষ্টা করেন এলাকার মানুষ। কিন্তু কে শোনে কার কথা!
পরে স্থানীয়রা মই লাগিয়ে তাকে নামিয়ে আনতে গেলে সে কখনো মই সরিয়ে দেয় তো কখনো উদ্ধারকারীকে লক্ষ করে থুথু ছুঁড়ে দেয়। অবশেষে গ্রামবাসীরাই খবর দেয় পুলিশ ও দমকলকে। পুলিশ ও দমকলের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে ব্যাক্তিটিকে স্থানীয় এক গ্রামবাসীর বাড়ির ছাদে ধরে ফেলে। পরে তাকে তুলে দেওয়া হয় সারেঙ্গা পুলিশের হাতে। স্বস্তি ফেরে এলাকাবাসীর মনে। পাগলের এমন কর্মকান্ডে হতবাক এলাকার মানুষ।

Post a Comment