দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্ত বাড়ছে রাজ্যেও। আগামী সোমবার থেকে রাজ্যের গ্রীন জোন গুলিতে বিশেষ শর্ত মেনে গাড়ি, দোকান প্রভৃতি পরিষেবা চালু করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলো রাজ্য সরকার। তার মধ্যেই চিন্তা বাড়ল। গ্রীন জোনে থাকা আলিপুরদুয়ার জেলায় চারজনের দেহে মিলল করোনা ভাইরাস। বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরণ শর্মা।
দিল্লীর AIMS থেকে অ্যাম্বুলেন্সে আলিপুরদুয়ারে ফিরছিলেন তারা। কিন্তু আলিপুরদুয়ারে আসার পরেই রাস্তায় ওই অ্যাম্বুলেন্সটিকে আটকে দেয় পুলিশ। সকলকে পাঠানো হয় কোয়ারেন্টাইন সেন্টারে। এরপর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ রিপোর্ট আসার পর দেখা যায় ওই চারজনই করোনা পজিটিভ। তাঁদের সকলকে চিকিৎসার জন্য করোনা হাসপাতালে পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে।
সোমবার থেকেই গ্রীন জোনে লকডাউন শিথিল করার যে ঘোষণা হয়েছিল তা রীতিমতো ধাক্কা খেলো এই চারজন আক্রান্ত হওয়ার পর। রাতারাতি আলিপুরদুয়ার জেলাকে গ্রীন জোন থেকে তুলে এনে ঘোষণা করা হল অরেঞ্জ জোন হিসাবে।

Post a Comment