নব-দিগন্ত নিউজ ডেস্ক: সম্প্রতি ভারতে নিষিদ্ধ হয়েছে জনপ্রিয় চীনা ভিডিও মেকিং অ্যাপ TikTok। সেই একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশবাসীর তথ্য গোপনে চুরি করার ইঙ্গিত মিলেছে, এই অভিযোগের TikTok নিষিদ্ধ হতে পারে আমেরিকাতেও। কিন্তু TikTok কে চীনা ছত্রছায়া থেকে সরিয়ে এনে তা আমেরিকায় সচল রাখতে কোমর বেঁধেছে Microsoft। TikTok কিনে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে তারা। এবার সেই তালিকায় নতুন সংযোজন Twitter। শোনা যাচ্ছে তারাও TikTok কিনে নেওয়ার দৌড়ে রয়েছে।
কিন্তু বিশেষজ্ঞরা এক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, আর্থিক দিক থেকে টুইটারের থেকে কয়েক গুণ ভাল অবস্থা মাইক্রোসফটের। সেক্ষেত্রে কিভাবে তারা Microsoft-কে টেক্কা দেওয়ার কথা ভাবছে তা বোঝা যাচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের।
টুইটারের মূলধন আনুমানিক ২৩ বিলিয়ন পাউন্ড। অর্থাৎ টিকটককে নিজেদের আওতায় আনতে যত অর্থের প্রয়োজন, প্রায় তার সমান। সেক্ষেত্রে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে আরও অর্থ জোগাড় করতে হবে টুইটারকে। এবার কার দখলে যায় Tiktok, সেটাই দেখার।

Post a Comment