ক্রমেই শক্তিশালী ঝড়ে পরিণত হয়ে এগিয়ে আসছে রাজ্যের দিকে ঘূর্ণিঝড় আমফান। আশঙ্কা, ঘন্টায় ১৯০ কিলোমিটার বেগে এই রাজ্যের সাগরদ্বীপ ও বাংলাদেশের হাতিয়ার মধ্যে এই ঝড় আছড়ে পড়বে। যা ক্রমেই মনে করিয়ে দিচ্ছে ভয়ঙ্কর আয়লার স্মৃতি। 


আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ অর্থাৎ সোমবার দুপুর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। তবে প্রথমে বৃষ্টির পরিমাণ সামান্য থাকবে। তারপর মঙ্গলবার তীব্র বৃষ্টি হবে বাংলায়। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলায়। ১২ ঘন্টার মধ্যে প্রবল শক্তিশালী ঝড়ের আকার ধারণ করবে আমফান, রবিবার রাতে তা জানানো হয়েছিল।কিন্তু সেই সময় এখন পেরিয়ে গেছে। তাই বলা চলে ঘূর্ণিঝড় আমফান ইতিমধ্যেই ভয়ঙ্কর ঝড়ের আকার ধারণ করেছে। 



ইতিমধ্যে ওড়িশার আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে। উপকূলীয় গ্রাম গুলি খালি করে দিচ্ছে প্রশাসন। সেই সঙ্গে পরিযায়ী শ্রমিক ফেরাতে যে শ্রমিক স্পেশাল ট্রেন চলছিল সেগুলির গতিপথে বদল আনছে ওড়িশা সরকার। জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের ১৭টি দল এর মধ্যেই পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশায়। 


আমফানের গতিপথ রাজ্যমুখী হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে আবহাওয়াদপ্তর। সেইসঙ্গে, বিপদসংকুল হিসাবে চিহ্নিত হয়েছে ওড়িশার ১০ জেলা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর