করোনা পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে ইতিবাচক ফল মিলেছে। তবে মানুষের উপর চূড়ান্ত পরীক্ষা হাওয়া বাকি। তাই সময় নষ্ট না করে ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউট করোনা ভাইরাসের ভ্যাকসিনের মাস প্রোডাকশনের প্রস্তুতি শুরু করে দিল। আপাতত এই সংস্থা ৬ কোটি ডোজ বানাবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি করা এই ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা প্রায় সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। পাশ করলেই প্রতিষেধক বাজারে আসবে।
সংস্থার প্রধান আদার পুনাওয়ালা জানান, "চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ হতে এখনও কয়েক মাস লাগবে। কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞানীরা এই প্রকল্পে কাজ করছেন, তাঁদের প্রতি আমাদের আস্থা রয়েছে।" তাই সময় নষ্ট না করে আগে থেকেই ভ্যাকসিন তৈরিতে নামতে চাইছে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন সংস্থা।
তবে শেষ পর্যায়ের ফল আসার আগেই ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে প্রচুর আর্থিক ঝুঁকি থেকে যায়। শেষ পর্যায়ে কোনও কারণে বাতিল হলে প্রচুর আর্থিক ক্ষতি হবে সংস্থার। এবিষয়ে আদর পুনাওয়ালা জানান, "অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। যেহেতু আমাদের সংস্থা সরকারি না, তাই বিনিয়োগকারী বা ব্যাঙ্ক-এর কাছে কোনো দায়বদ্ধতা নেই। সেই কারণে আমি অল্প ঝুঁকি নিতে পারি।"

Post a Comment