দেশে করোনা পরিস্থিতি নজরে রেখে লকডাউন বেড়েছে ৩ মে পর্যন্ত। এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন দিন আনি দিন খাই পরিবারগুলি। এমন করুন দৃশ্য ধরা পড়ল গারুলিয়া পুরসভার ৭ টি ওয়ার্ডের মোট ৭০০ পরিবারে। নেই খাবার, একবেলা খাবার জন্য অন্য কারুর ওপর ভরসা করাই শেষ পথ। এখানকার বেশিরভাগ মানুষ দিনমজুর, মিস্ত্রি বা হকারি পেশার সঙ্গে যুক্ত। লকডাউনে কাজ বন্ধ থাকায় চরম ফাঁপরে পড়েছেন তারা।


পরিস্থিতি সামলাতে হাল ধরলেন উত্তর ২৪ পরগনা জেলার গারুলিয়া ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে খুলে ফেললেন "বিনামূল্যে বাজার"! হ্যাঁ, এই বাজারে টাকা লাগে না! পরিবার পিছু সদস্য হিসাব করে দেওয়া হচ্ছে ১৪ রকমের শাক-সব্জি, সঙ্গে দুটো ডিম।


দুর্দিনে এই ব্যবস্থায় লাভ পাচ্ছেন প্রায় ৭০০ টি পরিবার। লকডাউন যত দিন চলবে, ঠিক ততো দিনই চলবে এই বিনামূল্যের বাজার ব্যবস্থা। সুবিধা পেয়ে মুখে হাসি ফুটেছে অসহায় পরিবারগুলির মুখে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর