মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড করোনা কবলিত বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই মহামারীর মধ্যেও সংক্রমণের ভয় না পেয়ে শুধুমাত্র জর্জের জন্য রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ। গতকাল অর্থাৎ শনিবার পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বর্ণবৈষম্যের বিরোধিতা করে মিছিল করে লক্ষ লক্ষ মানুষ। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেই সব ছবিতেই দেখা গেল বিশেষ এক ব্যক্তিকে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মাস্ক পরে অটোয়ার রাস্তায় বর্ণবিদ্বেষী মিছিলে মানুষদের সঙ্গে হাঁটলেন। শুধু তাই নয়, তিনি সবার সাথে রাস্তায় হাঁটু গেড়ে বসে আমেরিকার পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। ঠিক যেভাবে রাস্তায় জর্জের ঘাড়ে হাটু দিয়ে গেড়ে তাকে আঘাত করে হত্যা করা হয়েছিল।
গত পরশু অর্থাৎ শুক্রবার অটোয়ার পার্লামেন্টের সামনে জর্জের খুনের প্রতিবাদে চলছিল মিছিল। যার পোশাকি নাম Black lives matter, যে কথার অর্থ হল কৃষ্ণাঙ্গদের জীবনের দাম আছে। আচমকাই সেখানে উপস্থিত হয়ে যান কানাডার জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সাদা কালো জামা এবং ট্রাউজার এর সঙ্গে ছিল মুখে মাস্ক। সেই মিছিলে প্রতিবাদীরা সবাই পুলিশের অনুকরণে রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়েন। প্রতিবাদী জাস্টিন ট্রুডোকেও সেই ভঙ্গিমায় রাস্তায় বসে থাকতে দেখা যায়। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তারপর মিছিল শেষ করার পর মিছিলে অংশগ্রহণকারী প্রতিবাদীরা জাস্টিন ট্রুডো কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। কৃষ্ণাঙ্গদের প্রতীক হিসেবে তাদের সমর্থন করার জন্য মিছিলে অংশগ্রহণকারী সবার মুখেই কালো অথবা বাদামী রঙের মাস্ক ছিল।
জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন।
তবে ওই দিনের মিছিলে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে শুধু কানাডার প্রধানমন্ত্রীই নন, নজর কেড়েছে কানাডিয়ান পুলিশের আচরণও। কয়েকজন পুলিশ এবং পুলিশ আধিকারিককেও প্রতিবাদীদের সঙ্গে সামিল হতে দেখা গিয়েছে। সেইসব পুলিশরা নিজেদের টুপি মাটিতে রেখে হাটু গেড়ে প্রতিবাদ জানান।

Post a Comment