বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা । তার জেরে সব দেশে চলছে লকডাউন । জরুরি পরিষেবা বাদে বন্ধ করা হয়েছে যাবতীয় কর্মকান্ড । বন্ধ কারখানা, বন্ধ পরিবহন ব্যবস্থা । বন্ধ ব্যবসা বাণিজ্য । শ্রমিক, রিকশাচালক, ফুটপাতবাসীদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে ইতিমধ্যেই পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে এই কঠিন পরিস্থিতিতে দুর্বার মহিলা সমন্বয় কমিটির সহযোগিতায় সোনাগাছির যৌনকর্মী ও শিশুদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা।
সোমবার বেলা ১১টা নাগাদ ওই এলাকার নীলমণি মিত্র স্ট্রিটের যৌনকর্মীদের হাতে চাল, ডাল, আলু ও আটার প্যাকেট তুলে দেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী। মাস্ক বিতরণও করা হয় সেখানে ।
লকডাউন শুরু হওয়াতে সোনাগাছি তে উপার্জন একেবারে থমকে গিয়েছে । ফলে সেখানকার যৌনকর্মীরা রীতিমতো চিন্তায়। তাঁদের খাদ্য-সমস্যা দূর করতেই এই উদ্যোগ। তবে এই উদ্যোগ শুধু একদিনের জন্য নয়। মঙ্গলবার থেকে প্রতিদিন ওই এলাকার যৌনকর্মী ও শিশুদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। বিধায়ক শশী পাঁজা র এই উদ্যোগে ইসকন ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।

Post a Comment