উত্তর জাপানের আকাশে বেলুনের মতো সাদা বস্তু দেখে শোরগোল। জাপানের সেন্দাই শহরের বাসিন্দারা ছবি তুলে সেটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবার সেটিকে আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) বলেও দাবি করতে শুরু করেন।
জাপানের আবহাওয়া সংস্থার এক কর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, জিনিসটি দেখতে বেলুনের মতো। অনেক সময় স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণের জন্য এমন বেলুন ব্যবহার করা হয়। তবে তারা সেখানে কোনো বেলুন ওড়াননি বলে জানান ওই কর্তা।
বেলুনের মতো দেখতে বস্তুটির নিচে কাঠির সঙ্গে প্রপেলার যুক্ত করা রয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় মানুষরা সকালে বস্তুটি দেখার পর ছবি তুলতে শুরু করেন। এর পর বেলা বাড়ার পর স্থানীয় পুলিস হেলিকপ্টার নিয়ে বস্তুটির খোঁজ শুরু করে। কিন্তু সেটির আর কোনও হদিশ পাওয়া যায়নি।

Post a Comment